চট্টগ্রামে মাদক মামলায় জালাল আহমদ (৫৭) নামে এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। মো. ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, সাক্ষ্য প্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে কারাদণ্ড দিয়েছেন। আসামি বর্তমানে পলাতক।
জালাল আহমদ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ধলঘাটা গ্রামের ছালেহ আহমদের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৭ জুলাই নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় বাসে তল্লাশি চালিয়ে জালাল আহমদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। ওই বছরের ৩১ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ছয় জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।








