রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এক শ্রেণির মানুষ মিথ্যা অপপ্রচার করছে বলে মন্তব্য করেছেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, ‘আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে তৈরি করা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কোনও ক্ষতি করবে না। বরং এই তাপ বিদ্যুৎ কেন্দ্র এ অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ স্বরুপ।’
বুধবার (২৯ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খুলনা বিভাগের আওতাধীন জেলাসমূহে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয়করণ বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তিখাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন নিয়ে কর্মশালাটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, ‘পদ্মা সেতু শুধু যানবাহন পারাপারের সেতু নয়, এটি দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের সেতু। এ সেতু নির্মাণ হলে এ অঞ্চলে ব্যাপক শিল্প প্রতিষ্ঠান নির্মাণ হবে। ফলে এ অঞ্চলে অনেক অর্থনৈতিক উন্নয়ন হবে।’
তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন হলে মানুষের চেহারার পরিবর্তন হয়। আজ দেশে অভাব নেই, তা মানুষের চেহারার ভেতর ফুটে উঠেছে। মানুষের আর না খেয়ে থাকতে হয় না।’
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন উল হাসান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিছুজ্জামান মাসুদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা ও জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান প্রমুখ।
কর্মশালায় জেলার সরকারি বিভিন্ন বিভাগের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতামহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।








