বান্দরবানের উজানি পাড়ায় জ্যোতি মার্মা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অ্যাসিড মিশ্রিত পানি পানের কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।
সে উজানি পাড়ার কিনিম মার্মার মেয়ে। তার বয়স ছিল আড়াই বছর।
জ্যোতি মার্মার মা সুমিতা মার্মা বলেন, ‘বাড়ির পাশে জগন্নাথ জুয়েলার্সে স্বর্ণের গহনা কিনতে গিয়েছিলাম। সেখানে আমার মেয়ে পানি খেতে চাইলে দোকানদার একটি পানির বোতল দেয়। পানি খেয়ে আমার মেয়েটি বমি করতে থাকলে তাৎক্ষণিক আমি মেয়েকে রাজার মাঠে ইমানুয়েল ক্লিনিকে নিয়ে যাই। সেখানে ডাক্তার মেয়েকে সদর হাসপাতালে রেফার্ড করলে দ্রুত তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাই। তখন ডাক্তার আমার মেয়েকে মৃত ঘোষণা করে।’
তিনি বলেন, ‘আমার মেয়ে পানি পান করতে চেয়েছিল, অ্যাসিড নয়। আমি এর উপযুক্ত বিচার চাই।’
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফসানা বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে পানিতে অ্যাসিড মেশানো ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, ‘অ্যাসিড মিশ্রিত পানি পানে শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ‘দোকানে পানি খেতে চাইলে অ্যাসিড মিশ্রিত পানি কেন দেবে। অবশ্যই এটি অত্যন্ত মারাত্মক কাজ করেছে জুয়েলার্সের মালিক। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে জগন্নাথ জুয়েলার্সে গেলে জুয়েলার্সটি বন্ধ পাওয়া যায়। জুয়েলার্সের মালিক রতনের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।








