নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালকসহ চার জনকে পিটিয়ে ও অজ্ঞান করে গরুবোঝাই ট্রাক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গরুসহ ট্রাক উদ্ধার ও ছিনতাইকারী চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে।’
ছিনতাইয়ের শিকার ও আহতরা জানান, রবিবার বিকালে রাজশাহীর সিটি হাট থেকে ২৩টি গরু কিনে সন্ধ্যায় ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-১১৮৬) নিয়ে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার রাধা নগর এলাকা উদ্দেশে রওনা দেন তারা। সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে করে একদল ছিনতাইকারী গরু বোঝাই ট্রাকটির গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা ট্রাকের চালক খলিল মিয়া (৪৮), ইউনুছ আলী (৫০), মিন্টু মিয়া (২৫) ও আকবর আলীকে (৩০) পিটিয়ে ও চোখে মুখে মলম লাগিয়ে অজ্ঞান করে গরু বোঝাই ট্রাক ছিনিয়ে নিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বিকালে আহতদের জ্ঞান ফিরে আসে বলেও তারা জানান।








