গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পরে তাফাজ্জল হোসেন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার গাড়ারণ এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ঢাকাগামী ডেমু ট্রেনে কাটা পরে তিনি নিহত হন। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন আর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত তাফাজ্জল উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের আমীর আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্টেশন মাস্টার আরও জানান, তাফাজ্জল শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। তিনি উপজেলা সদরে ডাক্তার দেখিয়ে রিকশায় করে রেলওয়ে স্টেশন এলাকায় এসে রিকশা ছেড়ে দেন। পরে তিনি রেল সড়কের মাঝ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী ডেমু এক্সপ্রেস ট্রেনটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রেনে কাটা পরে তার মৃত্যু হয়।








