বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে নাটোর সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ। মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান সিদ্দিকী। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর নাজির হিলফুল এ তথ্য নিশ্চিত করেছেন।
সদর থানার ওসি মশিউর রহমান জানান, তিনি এধরনের কোনও আদেশ পাননি। আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার আর্জিতে বলা হয়- গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন যে, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়। শুধু ভূখণ্ড আর জনগণ থাকলেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয় না। বাংলাদেশ এখন ভারতের কলোনি। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে হত্যা করেছেন, কবর দিয়েছেন। প্রেসক্লাবে শেখ মুজিবের ম্যুরাল থাকতে পারে না। বর্তমানে বাংলাদেশ নামে কোনও রাষ্ট্রের অস্তিত্ব নাই। বাংলাদেশকে আর যাই বলা যাক রাষ্ট্র বলা যাবে না। এখানে জমি থাকতে পারে, জনগণ থাকতে পারে, সার্বভৌমত্ব নাই।
বাদী অ্যাডভোকেট মালেক শেখের দাবি, ‘মাহমুদুর রহমানের বক্তব্যের ফলে বঙ্গবন্ধুর পরিবার তথা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি এবং আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ন হয়েছে।’ তিনি আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১২৩(ক)/ ১২৪(ক)/ ৫০১/ ৫০২/ ৫০৫ ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আটকের দাবি জানান।







