বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের দেওয়া উপহার অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি এখন নড়াইল শহরে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সটিকে নড়াইলে নেওয়া হয়। বুধবার বিকালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা তরিকুল ইসলাম অনিক এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারের বিপিএল শুরুর আগেই রংপুর অধিনায়ক মাশরাফি নড়াইলবাসীর জন্য রংপুর মালিকপক্ষের কাছে একটি অ্যাম্বুলেন্স চেয়েছিলেন। দল শিরোপা জেতায় রাইডার্স কর্তৃপক্ষ এরই মধ্যে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করে। ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ মাশরাফির উদ্যোগেই প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা থেকে শুরু করে নড়াইলের বিভিন্ন উন্নয়নের জন্য কাজ করে থাকে।
তরিকুল ইসলাম অনিক বলেন, ‘রংপুর রাইডার্সের কাছ থেকে পাওয়া অ্যাম্বুলেন্সটি এখন নড়াইলে। জেলায় অ্যাম্বুলেন্সের সমস্যা প্রকট। ভাড়াও অনেক বেশি। অনেক ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি করা হয়। সেজন্য সুবিধাবঞ্চিত রোগীরা সরাসরি এই অ্যাম্বুলেন্স ব্যবহার করবেন।’








