কোনও মেজর বা কর্নেলের ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু অক্লান্ত পরিশ্রম ও বাঙালি জাতির জন্য তার ত্যাগেরই ফল হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ।’
শুক্রবার সন্ধ্যয় গোপালগঞ্জ পৌরসভা কমিউনিটি সেন্টার ও মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে শেখ সেলিম বলেন, ‘বিএনপি আমাদের অর্থনৈতিক গতিকে থামিয়ে দিয়ে সব কিছু ধ্বংস করে দিয়েছিল। তারা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করেছে। বাংলাদেশে পাকিস্তানি চেতনা বাস্তবায়ন করে প্রভুদের খুশি করতে মাঠে ছিল।’
গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজি লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন- র্যাবের মহাপরিচালক বেনজির আহম্মেদ, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন) মো. হাবিবুর রহমান পিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, এফবিসিসিআইয়ের সিনিয়ার সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, কেন্দ্রীয় যুবলীগের কার্য নির্বাহী সদস্য ব্যারেস্টার শেখ ফজলে নাঈম প্রমুখ।







