পিতার আদর্শ বুকে ধারণ করে চট্টগ্রামবাসীর অধিকার আদায়ে লড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য প্রয়াত চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে নগরীর কোতোয়ালী থানাধীন ফিশারিঘাট এলাকায় আয়োজিত এক শোক সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
মহিউদ্দিন চৌধুরী স্মরণে সোনালী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এবং স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে ওই শোক সভার আয়োজন করা হয়।
নওফেল বলেন, ‘আমার পিতা এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের সব শ্রেণি পেশার মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ বুকে ধারণ করে চট্টলাবাসীর অধিকার আদায়ে আমিও লড়ে যাব। বাবার স্বপ্নগুলো বাস্তবায়ন করবো।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম এবং বাংলাদেশের ইতিহাসে আমার পিতা হাজার হাজার বছর বেঁচে থাকবেন। কারণ তিনি তৃণমূল থেকে নগর পিতা হয়েছিলেন এবং শেষ জীবনেও সাধারণ মানুষের পাশে ছিলেন। তিনি ছিলেন সজ্জন, সদালাপী এবং সব দলমতের মানুষের কাছে সমান প্রিয়। আর চট্টগ্রামের মানুষের কাছে ছিলেন আশা আকাঙ্ক্ষার প্রতীক।’
মৎস্যজীবী নেতা হাজী আব্দুর সত্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- সোনালী যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতির আহ্বায়ক মো. শামসুল আলম, সচিব জানে আলম, মৎস্যজীবী স্বরূপ বিকাশ বিধান বড়ুয়া, মো. সালাউদ্দিন, দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে সালেহীন চৌধুরী প্রমুখ।








