ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর সৈয়দপুর মাছ ঘাট থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, মিঠা পানি খেতে এসেছিল হরিণটি। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে হরিণটিকে উদ্ধারের পর এটিকে চর জহিরউদ্দিনের গহীন বনে অবমুক্ত করা হয়েছে।
দৌলতখান উপজেলা বন বিভাগের বন কর্মকর্তা মো. সোহেল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেঘনা নদীতে মিঠা পানি খেতে এসে চিত্রা হরিণটি ভেসে যায়। পরে হরিণটি দৌলতখান উপজেলার মেঘনা নদীর সৈয়দপুর মাছ ঘাট এলাকায় এলে কামাল নামে মাঝির জালে আটকা পরে।’ তিনি আরও বলেন, ‘শীত মৌসুমে বনে মিঠা পানির অভাবে দেখা দেয়। তাই প্রায়ই হরিণ লোকালয় চলে আসে এবং মানুষের হাতে ধরা পড়ে।’
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ হরিণটিকে সেখান থেকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। পরে বিকালে হরিণটিকে তজুমদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনের গহীন বনে অবমুক্ত করা হয়েছে। এসময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলও উপস্থতি ছিলেন।
আরও পড়ুন-
মুন্নী হত্যা মামলার অভিযোগপত্র ১৫ দিনের মধ্যে: অতিরিক্ত পুলিশ সুপার








