লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ‘আমি ঘটনাস্থলের পথে রওয়ানা হয়েছি। এ ঘটনায় কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। সব খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
এলাকাবাসী জানায়, নিহত শফিকুল ইসলাম হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকার জয়নাল আবেদিনের ছেলে। গরু আনতে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই সে নিহত হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ও এলাকাবাসীসূত্রে আরও জানা যায়, শনিবার ভোর পৌনে ৫টার দিকে হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাবপিলারের নিকট দিয়ে ভারতীয় গরু পারাপারকারী রাখালদের সহযোগিতায় কয়েকজন বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেসময় কোচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যায়।








