বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘এ মুহূর্তে মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে তা জাতীয়করণ করা যেতে পারে। পুরাতন কিছু স্কুল ছাড়া কোনও স্কুল সরকারি করা হয়নি। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা যেতে পারে।’
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, ‘পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চল হবে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্র। দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রাবন্দর, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন। কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন।’
আগে জাতীয় বাজেট বিদেশি সাহায্য নির্ভর হতো মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, ‘এখন নিজস্ব আয়ে জাতীয় বাজেট করছে সরকার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে। বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সার্বিক সহযোগিতা করছেন। তিনি যা করছেন, তা জাতির স্বার্থেই করছেন।’
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক মো. শান্ত ইসলাম। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন– সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আ খ ম জাহাঙ্গীর হোসাইন, বরিশাল-২ আসনের এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট্রের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুসহ জেলা ও বিভাগীয় কমিটির নেতারা।








