বাগেরহাটের রামপালে আট হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার সকালে রামপাল উপজেলার শ্রিফলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঢাকা মেগাসিটি লায়ন ক্লাব ও লায়ন ফাউন্ডেশনের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর মোংলা ও রামপাল উপজেলাসহ সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে চিকিৎসার জন্য প্রায় আট হাজার নারী-পুরুষ ও শিশু সেখানে জড়ো হয়। বিদ্যালয়ের মাঠে নারী ও শিশুদের চারটি এবং পুরুষদের চারটি বুথে চিকিৎসা সেবা দেওয়া হয়। রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এছাড়া পাঁচ শতাধিক রোগীকে নেত্রনালী ও ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। তাদের ঢাকা লায়ন চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হবে।
চক্ষু শিবিরে সভাপতিত্ব করেন শ্রিফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবু সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, শ্রিফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ মোহাম্মাদ আলী প্রমুখ।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, ‘রামপাল ও মোংলাসহ পার্শ্ববর্তী এলাকায় এটি আমাদের ১২তম চক্ষু শিবির। এ অঞ্চলে প্রায় অর্ধলাখ চোখের রোগীকে বিভিন্ন সময় বিনামূল্যে সেবা দেওয়া হয়েছে। এছাড়া চার হাজার রোগী নেত্রনালী ও ছানি অপারেশনের মাধ্যমে অন্ধত্ব থেকে মুক্তি পেয়েছেন।








