মিছিলের সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। চবির সহকারী প্রক্টর মিযানুর রহমান ও হাটহাজারি থানার ওসি বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহতরা হলেন– বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সাইদ আহমেদ ও গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুস সামির।
বিবদমান দু’টি পক্ষ হলো– শাটল ট্রেনে বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও ভিএক্স। উভয় পক্ষই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে আনন্দ মিছিল বের করে চবি শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এসময় ভিএক্স পক্ষের নেতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাদেক হোসাইন টিপু মিছিলের সামনে দাঁড়াতে গেলে তাকে সিক্সটি নাইন পক্ষের নেতাকর্মীরা বাধা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় পক্ষ একে-অন্যকে ধাওয়া দেয়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা এক পক্ষ অন্য পক্ষকে ইট-পাটকেল ছুড়ে মারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে উভয় পক্ষকে সরিয়ে দেয়। এতে উভয় পক্ষের দুই নেতাকর্মী আহত হন।
এ সম্পর্কে জানতে ভিএক্স পক্ষের নেতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বিপুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মনসুর, পরশ ও ইকবাল হোসেন টিপুর নেতৃত্বে সিক্সটি নাইন পক্ষের নেতাকর্মীরা কোনও কারণ ছাড়াই আমাদের এক কর্মীকে মারধর করে।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক সিক্সটি নাইন পক্ষের নেতা ইকবাল হোসেন টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা মিছিল বের করি। এসময় কোনও কারণ ছাড়াই ভিএক্স নেতাকর্মীরা আমাদের সঙ্গে বিবাদে জড়ান। তারা আমাদের এক কর্মীকে মারধর করলে আমাদের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদালয় সহকারী প্রক্টর মিযানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রদের দু’টি পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়েছে শুনে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’
হাটহাজারি থানার ওসি বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গির বলেন, ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’








