আগামী জাতীয় নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর-মির্জাপর-ভাওয়াল গড়) আসনে নিজেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন আবু আক্তার হোসেন খান ভুলু। শনিবার (৬ জানুয়ারি) বেলা ১টায় শ্রীপুর বাজারের বনলতা সুপার মার্কেটের দোতলায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভুলু এ ঘোষণা দেন।
মতবিনিময় সভায় আবু আক্তার হোসেন খাঁন ভুলু দাবি করেন, ‘১৯৬২ সালে আমি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম। দীর্ঘ সময় আমি বন বিভাগে চাকরি করেছি। ওই সময় সরাসরি রাজনীতি করতে পারিনি। তবে ২০০৫ সালে আবার আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করি।’
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সাবেক এই সদস্য বলেন, ‘তৃণমূলে উঠান বৈঠকের মাধ্যমে আমি সরকারের সফলতা গণমানুষের কাছে তুলে ধরছি। মানুষ পোড়ানোর মতো জঘন্য অপ-রাজনীতির কারণে জনগণ মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আবারও এ দেশে আওয়ামী লীগ সরকার গঠন করবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।’








