নীলফামারীতে তিস্তার পাড়ে হতদরিদ্র ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবির বংপুর ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। শনিবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের থানার হাট কলোনির এবং ঝাড়সিংশ্বের গোয়িং বাঁধে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিজিবির উত্তর পশ্চিমের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম (বিজিবিএম, পিএসসি)।
রংপুর ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল মাহফুজ-উল বারী পিএসসির তত্বাবধানে থানার হাট কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান, ইউপি সদস্য জাহেদুল ইসলামসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিস্তার পাড়ের রাবিয়া বেগম (৭৫) বিজিবির কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায় আজ রাতে ভাল ঘুম হবে। আল্লাহ ওনার ভাল করুক।
পুর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, কনকনে ঠান্ডায় তিস্তার পাড়ের হতদরিদ্র মানুষ শীতের কম্বল পেয়ে মহাখুুশি। হঠাৎ করে ডিমলার তিস্তার পাড়ে শীত জেঁকে বসেছে। এখানকার মানুষ অধিকাংশই গরীব।








