পাবনায় লালন স্মৃতি পরিষদের উদ্যোগে সোমবার (৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লালন উৎসব। সোম ও মঙ্গলবার এ উৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) দুপুরে লালন স্মৃতি পরিষদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সপ্তম বারের মতো এই উৎসবের উদ্বোধনী দিনে ‘বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ’ প্রাঙ্গণের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট লালন সংগীত শিল্পী শফি মণ্ডল। উৎসবের উদ্বোধন করবেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
লালন উৎসবে সভাপতিত্ব করবেন- উৎসব কমিটির আহ্বায়ক জাকির হোসেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) উৎসবের দ্বিতীয় দিনে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী ফরিদা পারভীন। এদিন প্রধান অতিথি হিসেবে থাকবেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, বিশেষ অতিথি পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রিয়াজুল হক, অধ্যাপক মনোয়ার হোসেন জহেদী ও রুহুল আমিন রানা বিশ্বাস।








