ভেরিফিকেশনে গিয়ে ফুল-মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালো পুলিশ!

আনিসুর রহমান স্বপন, বরিশাল
২০ জানুয়ারি ২০১৮, ২১:২৬আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ০৭:০৮

ভেরিফিকেশনে গিয়ে ফুল-মিষ্টি দিয়ে দুই জনকে শুভেচ্ছা জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আকরামুল হাসান

বিসিএস ক্যাডারে নিয়োগের সুপারিশ পাওয়া ১২ জনের ভেরিফিকেশন করতে গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে তাদের শুভেচ্ছা জানিয়ে এসেছে পুলিশ। বুধ থেকে শনিবার (১৭ থেকে ২০ জানুয়ারি) বরিশালের উজিরপুর উপজেলার ৯ জন ও বানারীপাড়া উপজেলার ৩ জনের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে যান জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) মো. আকরামুল হাসান। ব্যতিক্রমী এমন উদ্যোগে মুগ্ধ সুপারিশ পাওয়া ১২ জনের অভিভাবকরাও।

৩৬তম বিসিএসে নিয়োগের সুপারিশ পেয়েছেন উজিরপুরের মইনুল ইমরান রানা, উম্মে সালমা তানিয়া, শাহজালাল নাইম, জাহিদুল ইসলাম, ইমরান হোসেন সোহাগ, সাদিয়া আফরিণ জুলি, মোর্শেদা আক্তার মিমি, সীমা মন্ডল ও এজেডএম খালিদ হাসান সৈকত এবং বানারীপাড়া উপজেলার মো. মিলন মিয়া, সাবিহা মেহবুবা লিয়া ও মাহমুদুল হাসান।

উজিরপুরের দক্ষিণ বড়াকোঠা গ্রামের সীমা মন্ডল বলেন, ‘পুলিশ ভেরিফিকেশনে নানা ধরনের হয়রানির কথা শুনেছি। আমি কিছুটা শঙ্কিত ছিলাম। তবে আমার ক্ষেত্রে ভেরিফিকেশনে এসে পুলিশ ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘শুনেছি, ওই পুলিশ কর্মকর্তা খোঁজ-খবর নেওয়ার পর মিষ্টি নিয়ে বাসায় আসেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ঘটনায় আমি ও আমার পরিবার মুগ্ধ।’

নিয়োগের সুপারিশ পাওয়া একই গ্রামের আরও একজন বলেন, ‘আমি ভাবতেও পারিনি, পুলিশ কর্মকর্তা মিষ্টি নিয়ে বাসায় এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। সত্যিই এটি আমার জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আকরামুল হাসান বলেন, ‘নিয়োগের সুপারিশ পাওয়া ৯ জনের বাড়ি আমার থানার মধ্যে। সুপারিশপ্রাপ্তদের মধ্যে পুলিশ ভেরিফিকেশন নিয়ে ভীতি ও নেতিবাচক ধারণা থাকে। সে ধারণা ভেঙে দিতে আমি তাদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘কয়েক লাখ পরীক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে উজিরপুর উপজেলার ৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে চাকরিতে নিয়োগের সুপারিশ পেয়েছেন। নিঃসন্দেহে তারা অনেক মেধাবী। সেজন্যও তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম