প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে নারায়ণগঞ্জের বন্দরের মদিনা অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে বন্দর উপজেলার মদনগঞ্জের পিএম রোডে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা পিন্টু বেপারী।
উপজেলা নির্বাহী অফিসার জানান- ধান, চাল, আটা, ময়দা ও চিনির পরিবহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু মিল মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে এই আইন অমান্য করেছে।
তিনি জানান, মদনগঞ্জ ফাঁড়ি পুলিশের সহায়তায় বন্দরের মদনগঞ্জের রাইসমিলগুলোতে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অভিযোগে ভ্রম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় মদিনা অটো রাইস মিল থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অন্যান্য মিলগুলোকে সর্তক করা হয়।








