কার-পাশ জটিলতায় বেনাপোল বন্দর দিয়ে ভারত–বাংলাদেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এ আমদানি বন্ধ করে দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে তারা (ভারত) রফতানি বাণিজ্য বন্ধ রাখেন। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পেট্রাপোল চেকপোস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান,এত দিন ধরে ড্রাইভারদের বাংলাদেশে ঢোকার অনুমতিপত্র কার-পাশ এবং ইনভয়েজ সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা নিজেরা লিখে কাস্টমস কর্মকর্তাদের দিয়ে সই করিয়ে কাজ সারতেন। বুধবার হঠাৎ কাস্টমস কমিশনার নির্দেশনা জারি করেন, লাইসেন্সের মালিক ছাড়া কেউ কাস্টমসে ঢুকতে পারবেন না এবং ড্রাইভারদের কার-পাশ কাস্টমস কর্মকর্তারা লিখে দেবেন।
তিনি আরও বলেন, ‘কাস্টমস কর্মকর্তারা কারপাশ ও ইনভয়েজ লিখায় অনেক সময় নিচ্ছেন। এতে রফতানি বিলম্বিত হচ্ছে। আগে ২৫০-৩০০ ট্রাক পণ্য বাংলাদেশে রফতানি হতো। বুধবার মাত্র ৯৮ ট্রাক পণ্য বাংলাদেশে রফতানি হয়েছে।’








