চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’-এর ব্যানারে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে চাকরিপ্রার্থীরা বলেন, যখন মানুষের গড় আয়ু ৪৫ থেকে ৫০ বছর হয়, তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়েছিল। কিন্তু বর্তমানে দেশে মানুষের গড় আয়ু ৭২ বছর, অথচ চাকরিতে প্রবেশের বয়সসীমা এখনও সেই আগের ৩০ বছরে রয়ে গেছে। অন্যদিকে, অবসরের বয়সসীমা অনৈতিকভাবে তিন বছর বাড়িয়ে ৬২ বছর করা হয়েছে।
‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’-এর কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও বুলবুল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষাজীবন শেষ করা চাকরিপ্রার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘বাংলাদেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন মানবিক দৃষ্টান্ত স্থাপন করে তিনি যখন ‘মাদার অব হিউম্যানিটি’ স্বীকৃতি পেয়েছেন, তখন এদেশেরই শিক্ষিত বেকারদের একটি বড় অংশ অনিশ্চিত জীবনের দিকে অগ্রসর হচ্ছেন। যা তাদের প্রতিভার পথকে রুদ্ধ করে রেখেছে। চাকরিপ্রার্থীদের যদি ৩০ বছরের শেকল থেকে মুক্তি দেওয়া না হয়, তাহলে বেকারত্ব বেড়ে তা বাংলাদেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এ উন্নিত করার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।








