কোনও সম্মেলন ছাড়া মো. নজরুল ইসলাম মোল্লাকে সভাপতি ও মো. হালিমকে সাধারণ সম্পাদক করে বরগুনা জেলা বিএনপির ৬৩ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ ৯ বছর পর নতুন কমিটি পেয়ে জেলা বিএনপির এক অংশ আনন্দে মিষ্টি বিতরণ করেছে। তবে পদবঞ্চিতদের একাংশ নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
সোমবার (২৯ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা দলীয় সিল সম্বলিত প্যাডে ৬৩ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আগামী ৩০ দিনের মধ্যে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশনা দেওয়া হয়।
এর আগে ২০০৯ সালে সম্মেলনের মধ্য দিয়ে মাহবুবুল আলম ফারুক মোল্লাকে সভাপতি ও এসএম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ৯ বছর পর নতুন কমিটি পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন জেলা বিএনপির বড় একটি অংশ। অন্যদিকে, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা ও বর্তমান সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম সমর্থিত অপর অংশ।
নতুন কমিটির ব্যাপারে জানতে চাইলে মো. মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, ‘দলের গঠনতন্ত্র না মেনে এই কমিটি দেওয়া হয়েছে। তৃণমূলে কোনও সম্মেলন ছাড়া এ কমিটি দেওয়া হয়েছে। দলের দুর্দিনে পাশে ছিল যারা, হামলা-মামলার শিকার হয়েছিল যারা, তারা এই কমিটিতে নেই। টাকার বিনিময়ে অনেকে নতুন কমিটিতে স্থান পেয়েছেন। পাশাপাশি উড়ে এসে জুড়ে বসা অনেক ব্যক্তিই আছেন নতুন কমিটিতে।’
নতুন কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে সাধারণ সম্পাদকের পদ পাওয়া মো. হালিম বলেন, ‘নতুন কমিটি গঠন করায় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক দক্ষতা ফিরে আসবে। আগামীতে বরগুনা বিএনপিকে সংগঠিত করতে কাজ করবো।’
নতুন কমিটিতে সভাপতির পদ পাওয়া মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘নতুন কমিটির অনুমোদন দেওয়ায় চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানাই। একইসঙ্গে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনছে, তাদের অনুরোধ করছি, আসুন, বিএনপির পতাকাতলে সবাই মিলে বরগুনায় বিএনপির ঘাঁটিকে শক্তিশালী করে গড়ে তুলি।’








