বিএনপি মুখে আইনের শাসনের কথা বললেও বাস্তবে তা বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়া দুর্নীতির কারণে বিচারের মুখোমুখি হয়েছেন। আদালত অপরাধ বিবেচনা করে রায় দেবেন। অথচ রায় ঘোষণার আগেই বিএনপি’র নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।’
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় প্রতিষ্ঠিত বাংলাদেশ ড্রাইভিং ও মোটরযান সহকারী প্রশিক্ষণ স্কুলের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় নৌ-পরিবহনমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াও করতে রাস্তায় নেমেছিল। কিন্তু আপামর জনতা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেছিলেন। তারা যানবাহন চলাচল বন্ধ করতে চেয়েছিল। শ্রমিকরা লাঠি হাতে রাস্তায় নেমে সন্ত্রাসীদের দমন করে ঘরে ফিরেছিল।’
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডলের সভাপতিত্বে ও কামরুল মোরশেদ আপেল এবং মাহবুবুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, মোটর মালিক গ্রুপের যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।








