নাটোরে রেললাইনের একটি ব্রিজের ওপর কয়েকটি ফিসপ্লেট চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে ফোনে এ খবর পাওয়ার পর নাটোর স্টেশনে খুলনা মেইল ট্রেন কিছু সময়ের জন্য দাঁড় করিয়ে রাখা হয়। পরে নতুন ফিসপ্লেট বসিয়ে ট্রেনটি ছাড়া হয়। ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় রাতে পাহারা বসানো হয়েছে।
নাটোর স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তাকে ফোন করে বলেন, স্থানীয় সূত্রে তিনি জানতে পেরেছেন নাটোর ও বাসুদেবপুর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ২৩৬ নং ব্রিজের ওপর লাইনের কয়েকটি ফিসপ্লেট খোলা দেখা যাচ্ছে। ওই সময়ে নাটোর স্টেশন ছাড়ার অপেক্ষা করছিল খুলনা মেইল। স্টেশন মাস্টার তাৎক্ষণিক ট্রেনটি ছাড়ার অনুমতি না দিয়ে ঘটনাস্থলে খোঁজ নেন। বিষয়টির সত্যতা জানার পর লোক পাঠিয়ে নতুন ফিসপ্লেট বসানো হয়। এরপর ট্রেনটি ছাড়ার অনুমতি দেওয়া হয়।
এক প্রশ্নের জবাবে অশোক চক্রবর্তী দাবি করেন, এ ঘটনায় ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। রাতের আঁধারে যাতে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ঘটনাস্থলে ২-৩ জন রেলের নিরাপত্তাকর্মী পাঠিয়ে পাহারা বসানো হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল দাবি করেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা থেকে কাজটি করতে পারে।
স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, কেউ কোনও নাশকতামূলক উদ্দেশ্যে কাজটি করেছে নাকি ঘটনাটি স্রেফ চুরি তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কর্তৃপক্ষ প্রয়োজনবোধে বিষয়টি তদন্ত করবে বলেও জানান তিনি।








