বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্রে ৩২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত এবং চার জনকে বহিষ্কার করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ভোলা জেলায় ৫৩, বরগুনায় ৪৩, পটুয়াখালীতে ৬৪, পিরোজপুরে ২৯, ঝালকাঠিতে ৩৫ ও বরিশালে ৯৯ জন রয়েছে। এছাড়া, বরগুনায় এক, ভোলায় এক ও বরিশালে দুজনসহ মোট চার জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর ফলে শনিবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ৮৭ হাজার ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গত বছর বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩০৯ জন এবং বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত জন।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারল আজিম জানান, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ছয় জেলায় মোট একলাখ তিন হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী রয়েছে।
একহাজার ৪২৬টি বিদ্যালয়ের এই পরীক্ষার্থীরা ছয় জেলার মোট ১৭২টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ২১০ জন ছাত্র ও ৫১ হাজার ৫৭৮ জন ছাত্রী। এদের মধ্যে ৮৪ হাজার ৮৩৩ জন নিয়মিত পরীক্ষার্থী রয়েছে। এছাড়া, জিপিএ উন্নয়নে ৮৩ জন এবং অনিয়মিত ১৮ হাজার ৮৭২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করছে।








