আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে বিএনপি মহা ভুল করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচন সহায়ক সরকারের অধীনে হবে না। নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনেই।’
রবিবার সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা ভবনের উদ্বোধন অনুষ্ঠান ও ভারত সরকারের অর্থায়নে দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়া নিরপেক্ষ সরকারের কথা বলেন, আবার পুলিশ-সেনাবাহিনীসহ প্রশাসন তার সঙ্গে রয়েছে বলে দাবি করেন। তাই যদি হয়, তবে তার আবার নিরপেক্ষ সরকারের দরকারটা কী! তার তো এখন কেবল প্রধানমন্ত্রী হওয়াটা বাকী।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দল আর সরকার হলো একে অন্যের পরিপূরক। দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়ন করে সরকার।’
এসময় আরও উপস্থিত ছিলেন– ভারতীয় হাই-কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহসহ অনেকে।
ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেষ্টায় দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। এ সম্পর্ক অব্যহত থাকবে।’








