বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও ইট-পাথর বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার তার নিজস্ব ক্ষমতা বলে নির্বাহী আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেন। এই নিষেধাজ্ঞা ওই দিন ভোর ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
মো. ইকবাল বাহার স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, ‘আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে। মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধ্বংসাত্মক ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে চট্টগ্রাম মহানগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানোর আশঙ্কা রয়েছে মর্মে প্রতীয়মান হয়। সেহেতু বর্ণিত পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে জনস্বার্থে ১৯৭৮ সালের চট্টগ্রাম মেট্রোপলিটন অধ্যাদেশের ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আমি মো. ইকবাল বাহার, সমগ্র চট্টগ্রাম মহানগরীতে যে কোনও অবাঞ্চিত ব্যক্তির প্রবেশ, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, ইট পাথর বা নিক্ষেপযোগ্য কোন কিছু বহন সম্পূণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।’








