ঢাকার সুয়ারী ঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২শ’ কেজি জাটকা জব্দ করেছে নারায়ণগঞ্জে ফতুল্লার পাগলা কোস্টগার্ড স্টেশনের একটি দল।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে পাগলার কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বুধবার গভীর রাতে টিম লিডার পেটি অফিসার মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, জব্দকৃত জাটকাগুলোর ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা মৎস্য দফতরের মৎস্য জরিপ কর্মকর্তা শাহ মোহাম্মদ ফারুক হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব জাটকার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। জব্দকৃত জাটকাগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য দফতারের মাধ্যমে ৩৫টি মাদ্রাসা, এতিমখানায় ও ২০০ জন গরিব দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।








