হবিগঞ্জে পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। এসময় পুলিশ সদস্যদের সঙ্গে জেলা বিএনপির নেতাকর্মীদের ব্যাপক বাকবিতণ্ডা হয়।
কেন্দ্রের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর হবিগঞ্জ বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করেন। এসময় ওই কার্যালয়ের প্রধান সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। এতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।
এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক পৌর মেয়র জিকে গউছ বলেন, ‘মামলা দিয়ে আর হামলা চালিয়ে বিএনপির আন্দোলন দমিয়ে রাখা যাবে না। পুলিশ দিয়ে শান্তিপূর্ণ মিছিল হয়ত পণ্ড করা যাবে, কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করা যাবে না।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) ডালিম আহমেদ জানান, জনগণের জানমালের নিরাপত্তায় তাদের (বিএনপি নেতাকর্মী) মিছিল নিয়ে বের হতে দেওয়া হয়নি।








