নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবিবুর রহমানকে (৫০) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
হাতিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে সোনাদিয়া এলাকার একটি দোকানে বসে চা খাচ্ছিলেন হাবিবুর। সে সময় ১০-১২ জন সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হাবিবুরকে আহত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
গুরুতর আহ্ত হাবিবুর রহমানকে প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
নুরুল ইসলাম অভিযোগ করেন, যোবায়ের নামে একজন হামলাকারীদের নেতৃত্ব দিয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারা ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








