টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে পুলিশসহ আট জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আটক তিন জন হলেন— বিএনপিকর্মী লাবলু মিয়া, ইসমাইল হোসেন ও ফিরোজ আহমেদ।
পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে জানা গেছে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের আভুঙ্গী মোড়ে সমাবেশ শুরু করে। এসময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এসময় পুলিশের পাঁচ সদস্য ও বিএনপির তিন কর্মী আহত হন।
গোপালপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বলেন, ‘পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিলে কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। তখন পুলিশ আবার আমাদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে উত্তেজনা বাড়ে। ফলে পুলিশের সঙ্গে আমাদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।’ এসময় পুলিশের হামলায় তিন বিএনপিকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
ওসি হাসান আল মামুন বলেন, ‘নাশকতার আশঙ্কায় সমাবেশে বাধা দিলে বিএনপির কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। তাদের হামলা ও ইট-পাটকেল নিক্ষেপে এসআই আব্দুল হাইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে মাথায় গুরুতর আঘাত পাওয়া কনস্টেবল শাহীন আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
আরও পড়ুন-
শ্রীপুরে সহকারী কেন্দ্র সচিব আটক
হাওরে ফসলহানি ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে: পানিসম্পদমন্ত্রী







