নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার বাঐসোনা-কামসিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার গণিতের প্রশ্নপত্র (এমসিকিউ) ফাঁসের চেষ্টার অভিযোগে বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ইবাদত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের জেল দেওয়া হয়েছে। শনিবার সকালে গণিতের এমসিকিউ অংশের পরীক্ষা চলাকালে উপজেলার বাঐসোনা-কামসিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও কালিয়া উপজেলা রুর্যাল ডেভেলপমেন্ট অফিসার (আরডিও) হাসান ইমাম জানান, ‘সকাল ১০টায় পরীক্ষা শুরুর পরপরই বাঐসোনা-কামসিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ইবাদত হোসেন তার কোনও দায়িত্ব না থাকা সত্ত্বেও অবৈধভাবে পরীক্ষা হলে প্রবেশ করেন। তিনি গণিতের এমসিকিউ প্রশ্নপত্র ফাঁস করে তাতে সঠিক উত্তরে টিক মার্ক দিয়ে তা কেন্দ্রে ছাড়ার পরিকল্পনা করছিলেন। এ সময় তাকে আটক করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টার সময় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হুদা ওই কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ইবাদত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন।
পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন,১৯৮০-এর ১২ ধারা অনুযায়ী অপরাধীকে ওই দণ্ড দেওয়া হয়েছে।’







