বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের প্রতিবাদে ও মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে আয়োজিত বিএনপি নেতাকর্মীদের মানববন্ধনে ধাওয়া দিয়েছে পুলিশ। এতে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ সময় যুবদল নেতা শিপন, রাশেদ, নুরু ও সুমন হোসেনসহ ৬ নেতাকর্মীকে আটক করা হয়।
নেতাকর্মীরা জানায়, সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য জড়ো হয় জেলা বিএনপির নেতাকর্মীরা। মানববন্ধন কর্মসূচি শুরু করার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়ায় মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে আটক করে।
কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার সময় পুলিশ অতর্কিতে হামলা চালিয়ে ৬ নেতাকর্মীকে আটক করে এবং ব্যানার ছিনিয়ে নেয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে আটককৃতদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ‘যতদিন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।’








