যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা-নাভারন অংশের দুই পার্শ্বে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদ করেছে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়ার নেতৃত্বে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়- কিছু অবৈধ পাকা স্থাপনা, বিলবোর্ড, রড, ইট, বালির স্তুপ, গ্যাসের সিলিন্ডার ও ট্রাকের বডিগুলো আগামী দু’এক দিনের মধ্যে অপসারণ করা হবে।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলিটন মিয়া বলেন, ‘যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা-নাভারন অংশের দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোর কারণে যানজট ও বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতো। সে কারণে এলাকার সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের নির্দেশে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
এর আগে গত এক সপ্তাহ ধরে পুলিশ মহাসড়কের দুই ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকে প্রচার করে আসছিল।








