রাজবাড়ীতে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫ বছর।
পুলিশ জানায়, শনিবার সকালে রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য লিটনের মেহগনি বাগানে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. শহিদুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে গত শুক্রবার দিবাগত রাতের কোনও এক সময় ওই তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর মরদেহটি ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।’ তরুণীর পরিচয় খুঁজতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।








