রাঙামাটির চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায়ের স্ত্রী রাণী য়েন য়েনের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে হেডম্যান কার্বারি অ্যাসোসিয়েশন ও বিভিন্ন সামাজিক সংগঠন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্দনে চাকমা রানি য়েন য়েনের ওপর হামলাকারীদের যথোপযুক্ত বিচারের দাবি জানানো হয়। একইসঙ্গে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে একটি মারমা পরিবারের দুই তরুণীকে যৌন নিপীড়নের ঘটনার নিন্দা জানানো হয়। এসময় চাকমা, মারমা, ত্রিপুরা, সাওতালসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি গভীর রাতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ওড়াছড়ি গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় একটি মারমা পরিবারের বড় বোনকে (১৮) ধর্ষণ ও ছোট বোনকে (১৩) যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। নির্যাতনের শিকার দুই বোনকে ২৩ জানুয়ারি রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন এই দুই মারমা বোনকে আদালতের নির্দেশে তাদের বাবা-মায়ের জিম্মায় দেওয়া এবং চাকমা সার্কেলের জিম্মায় নেওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এসময় রানি য়েন য়েন ও তার সহকারীর ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলা চালায় এবং তাদের নাজেহাল করা হয় বলে অভিযোগ করছেন রাজা দেবাশীষ রায়।








