স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, সামনের নির্বাচন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা আলোর পথে যাবো না অন্ধকারের পথে যাবো! বিএনপি-জামায়াত জোটের সময় দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাজত্ব ছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এসব দমন করেছেন। এখন ভাবতে হবে আমরা কি আবার সেই অন্ধকার জগতে ফিরে যাবো? নাকি উন্নয়নের আলোর পথে যাবো! সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ বিজয় মেলার মাঠে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগে মানুষ বিনা চিকিৎসায় মারা যেতো। দেশের স্বাস্থ্য বিভাগের উন্নয়ন হওয়ায় এখন মানুষ বিনা চিকিৎসার মারা যায় না। ডিজিটালের কারণে দেশ আজ মধ্যম আয়ের পরিণত হচ্ছে। ই-টেন্ডার হওয়ার আগে দেশে বিভিন্ন জায়গায় টেন্ডার নিয়ে মারামারি হতো। ডিজিটাল পদ্ধতি অনুসরণ করায় আজ টেন্ডার নিয়ে কোনো দুর্নীতি বা মারামারি নেই।
জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিমের সভাপতিত্বে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
উল্লেখ্য, ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক স্টল রয়েছে।








