নোয়াখালীর সোনাপুরের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় গত ৮ ফেব্রুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকদের বিশ্ববিদ্যালয়গামী তিনটি গাড়িতে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এর প্রতিবাদে সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন শিক্ষকরা।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মাহাবুব ফরহাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ-আল মামুন, সহ-সভাপতি ড. গাজী মো. মহসীন।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম, প্রক্টর ও সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ মুশফিকুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ও সহকারী অধ্যাপক জনাব আফসানা মৌসুমীসহ অন্যান্য শিক্ষকরাও মানববন্ধনে বক্তব্য রাখেন।
শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে এ পর্যন্ত এমন ন্যাক্কারজনক ঘটনা এটাই প্রথম।
বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।








