ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত দুই পাশ জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর থেকে প্রায় ৪০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এ কারণে সকাল ৯টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
ওসি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের অংশে দুই লেনের সংস্কারকাজ চলছে। এ কারণে সোমবার সন্ধ্যা থেকে যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত দীর্ঘ ৪০ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। বর্তমানে যানজটের পরিমাণ কমে এসেছে। যানবাহন ধীরগতিতে চলছে। যানজট কাটানোর চেষ্টা করছে পুলিশ।
ঢাকাগামী কভার্ড ভ্যান চালক বাদল মিয়া বলেন, ‘সকাল ছয়টার মধ্যে ঢাকায় পৌঁছাতে না পারার কারণে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাঁচপুরের আগে মহাসড়কে বসে থাকতে হবে। কারণ ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে সকাল ছয়টার পর সন্ধ্যার আগ পর্যন্ত ঢাকায় কভার্ড ভ্যান প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে।
কক্সবাজার থেকে ঢাকাগামী জনতা পরিবহনের বাসের চালক মো. লাভলু বলেন, ‘দাউদকান্দির গৌরীপুরে এসে যানজটে আটকা পড়ি। সাড়ে চার ঘণ্টা পর থেমে থেমে যান চলাচল শুরু হয়েছে।’








