উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা দরকার বলে মন্তব্য করেছেন তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাট শহরের স্টেডিয়ামের সামনে তাঁতীলীগের জেলা কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আগামী ৩ মার্চ খুলনা সাকির্ট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে এ কর্মীসভার আয়োজন করা হয়।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় যেতে হবে। আর তার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের মত তাঁতীলীগের নেতাকর্মীরাও মাঠে থাকবে। এই অঞ্চলের সব কমিটিকে এই নির্দেশ দেওয়া হয়েছে।’
জেলা তাঁতীলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র বাকি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. নেছার উদ্দিন, মমতাজ উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– জেলা তাঁতীলীগের সহ-সভাপতি ইফতেখারুল ইসলাম রানা, শেখ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটু দাস, সদর উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক জাহিদ শেখ, সদস্য সচিব রফিকুল ইসলাম মুকুল, পৌর তাঁতীলীগের সভাপতি জাহাগীর হোসেন মিঠু, সাধারণ সম্পাদক দুলাল আকন।








