পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে আছে দুইটি ফেরি। এছাড়া, পাটুরিয়া ঘাটে ছয়টি ও দৌলতদিয়া ঘাটে আটটি ফেরি নোঙর করে রাখে।
মোহাম্মদ সালাউদ্দিন ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, ভোর থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকলে ক্রমেই ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যেতে থাকে। এতে করে নৌরুটের চ্যানেল দেখা কঠিন হয়ে যায়।
এসময় ফেরি মাস্টাররা ঘাটের ফেরি বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষকে ঘন কুয়াশার কারণে নদীপথ না দেখতে পারার বিষয়টি অবহিত করেন। পরে দুর্ঘটনা এড়াতে সকাল ছোয়া ৬টা থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখে কর্তৃপক্ষ।
মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ পদ্মাসহ পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে মোট ১৬টি ফেরি আটকা পড়েছে। এর মধ্যে দুইটি ফেরি আটড়া পড়েছে মাঝ পদ্মায়।’ কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে এলে আবার ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।








