চাঁদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো শুদ্ধ সুরে জাতীয় সংগীত চর্চা প্রতিযোগিতা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার আটটি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৬০ শিক্ষার্থী অংশ নেয়। মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে প্রথম হয়েছে কচুয়ার জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্তরে প্রথম হয়েছে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম হয়েছে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। পরে জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মইনুল হাসান।
প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হীরা মনি বলেন, শুদ্ধ সুরে জাতীয় সংগীতের চর্চাকে অনুপ্রাণিত করতে প্রথমবারের মতো মন্ত্রিপরিষদ বিভাগ এই আয়োজন করেছে। এতে চাঁদপুরের আটটি উপজেলার ইউনিয়ন পর্যায়ের শিক্ষার্থীরা ১০ জন করে দল তৈরি করে অংশ নিয়েছে। পরে তারা দ্বিতীয় রাউন্ডে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে বিজয়ীরা এসে অংশ নিয়েছে জেলা পর্যায়ে।
হীরা মনি বলেন, জেলায় বিজয়ীরা পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে এবং পরে সেখানকার বিজয়ীরা শেষ ধাপে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চাঁদপুরের বিভিন্ন সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষকরা। তাদের একজন আনন্দ ধ্বনি সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু বলেন, ‘এই ধরনের প্রতিযোগিতা সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে সঠিক সুরে জাতীয় সংগীত গাওয়ার চর্চাকে উদ্বুদ্ধ করবে। এখন থেকে প্রতিবছরই সারাদেশে এই প্রতিযোগিতা আয়োজন করা উচিত।’








