পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১ মার্চ) সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ করেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ...
বরিশাল
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বরিশালে জেলা ও নগর বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে লিফলেট বিতরণ করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর কাকলির মোড় থেকে নগর বিএনপি এবং অভিরুচী সিনেমা হলের সামনে থেকে জেলা বিএনপির নেতাকর্মীরা জনতার হাতে তাদের বক্তব্য সম্বলিত লিফলেট তুলে দেন।
লিফলেটে তারা উল্লেখ করেন, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের যে মামলায় খালেদা জিয়াকে দোষি করা হয়েছে সেই টাকা ব্যাংকেই পড়ে আছে। এই রায়ের মাধ্যমে শেখ হাসিনা তার চরম রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছেন। অথচ এই দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার ১৫টি মামলার বিরুদ্ধে কোনও অবস্থান নেয়নি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, জেলা দক্ষিণ বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন, জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদসহ অনেকে।
রংপুর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় নগরী রংপুরে লিফলেট বিতরণ করেছে রংপুর জেলা ও মহানগরী বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ মার্চ) দুপুর ১টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে অর্ধশতাধিক নেতাকর্মী লিফলেট নিয়ে নগরীর প্রধান সড়কে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।
এ সময় মহানগর সভাপতি মোজাফফর হোসেন পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা মিছিল করবো না সমাবেশও করবো না, লিফলেট বিলি করবো। যদি লিফলেট বিলি করতে না দেন তা হলে আমাদের সবাইকে গ্রেফতার করে নিয়া যান। এভাবে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলে আমাদের বাধা দেবেন না।’
একপর্যায়ে পুলিশ তাদের দলীয় কার্যালয়ের আশেপাশে ছাড়া অন্য কোথায় যাওয়া যাবে না শর্তে লিফলেট বিলি করতে দেয়। শুধু তাই নয় ১০ মিনিটের মধ্যে বিলি করারও সময়সীমা বেধে দেয় পুলিশ। পরে দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের পাশে লিফলেট বিতরণ করেন।
কুড়িগ্রাম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে এ লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, দফতর সম্পাদক আশরাফুল রুবেলসহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা অংশ নেয়।
টাঙ্গাইল
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে ভিক্টোরিয়া রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহসহ অনেকে।








