দুই থেকে তিন মাস পর পর সিলেট শহর থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নিজ গ্রাম কলিয়ারকাপনে এসে কাপড় ফেরি করতো ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসান ওরফে ফয়জুল ওরফে শফিকুর। ফয়জুলের আত্মীয়-স্বজনসহ কলিয়ারকাপন গ্রামের অনেকেই এ তথ্য জানিয়েছেন।
গতকাল শনিবার বিকাল ৫টা ৪০মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে এক তরুণ। ওই সময় হাতেনাতে আটক করা হয় ২৪-২৫ বছর বয়সী ওই হামলাকারীকে। এদিন রাতেই জানা যায়, হামলাকারীর নাম ফয়জুর হাসান ওরফে ফয়জুল ওরফে শফিকুর। তার বাবার নাম মাওলানা আতিকুর রহমান। গত ১৫ বছর ধরে তারা সিলেটের জালালাবাদ উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শেখেরপাড়ায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছে। তবে ফয়জুলের গ্রামের বাড়ি হলো সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে।
রবিবার ফয়জুলের গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, তার বাড়ির প্রতিটি ঘর তালাবদ্ধ। আশেপাশের মানুষজন জানান, ঘটনার পরপরই ফয়জুলদের স্বজনরা বাড়িতে তালা দিয়ে পালিয়েছেন।
এসময় কথা হয় কলিয়ারকাপন গ্রামের আরও কয়েকজন বাসিন্দার সঙ্গে। তারা জানান, ফয়জুলের বাবা আতিকুর রহমানেরা হলেন পাঁচ ভাই। আতিকুর রহমান ছাড়া বাকিরা হলেন– আব্দুল বাতেন, আব্দুল কাহার লুলাই, আব্দুল জাহার ও আব্দুল সাদিক। এর মধ্যে আব্দুল বাতেন, আব্দুল কাহার লুলাই কলিয়ারকাপন গ্রামের বাড়িতে বসবাস করেন। ফয়জুলের বাবা আতিকুর রহমান সপরিবারে সিলেটে থাকেন। আর বাকি দুই জন আব্দুল জাহার ও আব্দুল সাদেক দীর্ঘদিন ধরে কুয়েত প্রবাসী।
স্থানীয়রা আরও জানান, ফয়জুলসহ আতিকুর রহমানের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। ফয়জুলের অন্য দুই ভাই হলেন– এনামুল হক ও আবুল হাসান। এর মধ্যে এনামুল হক কোরআনে হাফিজ, ঢাকায় চাকরি করেন। আর আবুল হাসান কুয়েত প্রবাসী। ফয়জুলের দুই বোনের মধ্যে মোছা. হাফছা বেগম সিলেটে একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে ও হাবিবা বেগম একই মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করেন।
কলিয়ারকাপন গ্রামের দিল-আমিন বলেন, ‘ফয়জুলের বাবা একজন স্বনামধন্য আলেম ও কোরআনে হাফেজ। ফয়জুল কিছুদিন পর পর গ্রামে আসে। দুই থেকে তিন মাস পর পর ফেরিওয়ালা সেজে গ্রামে লুঙ্গি-গামছা বিক্রি করতে দেখা যায় তাকে।’
একই কথা জানান সেবু মিয়া নামের একজন। তিনি বলেন, ‘তার (ফয়জুল) বাপ একজন আলিম মানুষ, কোরআনে হাফিজ। মসজিদে তারা ভিন্ন তরিকায় নামাজ আদায় করে। এ নিয়ে গ্রামবাসী একসময় প্রতিবাদীও হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি। তারা তাদের মতো ধর্মকর্ম করে আসছে।’
জগদল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুস শীষ বলেন, ফয়জুলেরা গ্রামের বাড়িতে খুব কমই আসে। ফয়জুল মাঝে মাঝেই গ্রামে আসতো।’
কলিয়ারকাপন গ্রামের বাসিন্দা ও জগদল ইউনিয়ন যুবলীগের নেতা লুৎফুর রহমান চৌধুরী বলেন, ‘ফয়জুল মসজিদে ভিন্ন তরিকায় নামাজ আদায় করতো। এ নিয়ে গ্রামের মুরুব্বিরা তাকে একবার ডাকেন এবং সুন্নি কায়দায় নামাজ পড়ার পরামর্শ দেন। জাফর ইকবালের ওপর হামলার ঘটনার তিন-চার দিন আগে ফয়জুল গ্রামে এসেছিল। এর প্রায় চার মাস আগে তাকে একবার ফেরিওয়ালা সেজে গ্রামে লুঙ্গি-গামছা বিক্রি করতে দেখেছিলাম।’
জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ছোবা মিয়া বলেন, ‘ফয়জুল মাঝে-মধ্যে গ্রামে এসে তার চাচা আব্দুল কাহারের বাড়িতে দুই-একদিন থেকে আবার চলে যেতো। শুনেছি, সে গ্রামে কাপড় ফেরি করে বিক্রি করতো। চার মাস আগে একবার তাকে আমি নিজেও ফেরিওয়ালার বেশে কাপড় বিক্রি করতে দেখেছি।’
গ্রামের মুরব্বি ময়না মিয়া বলেন, ‘ফয়জুল গ্রামে এসে কাপড়-টাপড় বিক্রি করতো। দুই থেকে তিন মাস পরে গ্রামে এসে দুয়েক দিন থেকে সে আবার সিলেট ফিরে যেতো।’
ফয়জুলের ফুফু রেহেনা বেগম বলেন, ‘সে (ফয়জুল) কিভাবে কি করেছে, জানি না। তার গতকালকের (শনিবার) ঘটনায় আমরা স্তম্ভিত।’
কলিয়ারকাপন গ্রামের জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘আমি এ মসজিদে তিন বছর ধরে ইমামতি করছি। দুই বছর আগে একবার মসজিদে নামাজ আদায় করতে আসে ফয়জুল ও তার চাচা আব্দুল কাহার। ওই সময় নামাজ আদায়ের তরিকা নিয়ে মুসল্লিদের সঙ্গে তাদের ঝামেলা হয়।’
ধল দাখিল মাদ্রাসার সুপার ফারুক আহমেদ জানান, তার মাদ্রাসায় ফয়জুলের জন্মতারিখ লেখা আছে ৫ জুলাই, ১৯৯৯। ২০১১ সালের ১৫ জানুয়ারি সে ধল দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে ভর্তি হয়। ২০১৪ সালে সে মাদ্রাসা থেকে দাখিল পাস করে। পরে কোথায় লেখাপড়া করেছে, তিনি তা জানেন না।
দিরাই থানার ওসি (তদন্ত) এবিএম দেলোয়ার বলেন, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জেনেছি, ফয়জুলেরা ১০-১৫ বছর ধরে এলাকায় বসবাস করে না। সে মাঝে-মধ্যে গ্রামে এসে ফেরিওয়ালার বেশে লুঙ্গি-গামছা বিক্রি করতো। এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।’
এদিকে, জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে কলিয়ারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।








