কুমিল্লায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের আশ্বাস দিয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন ও পেয়ারা বেগম নামের দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। সোমবার কুমিল্লা মহানগরী থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গত ৪ মার্চ কুমিল্লা পুলিশ লাইন্সে ৫১৮ জন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এতে একাধিক দালাল চক্র কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা পয়সা লেনদেন শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লা ডিবির এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে ডিবির একটি টিম কুমিল্লা পুলিশ লাইন্স সংলগ্ন কুমিল্লা সরকারি কলেজের গেট থেকে একটি প্রতারক চক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, আনোয়ার হোসেন নামের এক নিয়োগ প্রার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার নামে তিন লাখ টাকা চুক্তির পর গত ১ জানুয়ারি প্রতারক চক্রের প্রধান জেলার বুড়িচং উপজেলার ইছাপুর গ্রামের আবদুল বারেকের ছেলে দুলাল হোসেনের (৩৬) কাছে নগরীর ধর্মসাগর পাড় এলাকায় ৫০ হাজার টাকা দেওয়া হয়। বাকি আড়াই লাখ টাকা নিতে সোমবার দুলাল হোসেন তাদের (জাকির ও পেয়ারা বেগম) পাঠালে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। এ বিষয়ে ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার জন্য এরইমধ্যে জেলা পুলিশ সুপার মো শাহ আবিদ হোসেন নিয়োগপ্রার্থী ও তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানালেও একাধিক প্রতারক চক্র নিয়োগের প্রলোভনে প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। ওই প্রতারক চক্রের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। তিনি আরও জানান, পলাতক দুলাল হোসেনকে গ্রেফতার করতে পারলে হয়তো এই চক্রের আরও প্রতারণার তথ্য জানা যাবে।








