ব্রাহ্মণবাড়িয়ায় দেড় লাখ ইউনিট বিদ্যুৎ চুরির দায়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের তিন ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বড়াইল-ছাদেকপুর ফিডার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করার পর এ মামলা দায়ের করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান জানান, বড়াইল এবং ছাদেকপুর ফিডারের বিতরণ বিভাগের তিন ইলেকট্রিশিয়ান শাহজাহান মিয়া, মিলন মিয়া এবং জাহের মিয়ার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫৯টি মিটার জব্দসহ ৭৬টি অফিস ফাইল এবং বিপুল পরিমাণ বৈদুতিক সরঞ্জাম উদ্ধার করেছে। জব্দকৃত মিটারের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির প্রমাণ পেয়েছে ভ্রাম্যমান আদালত। পরে বিদ্যুৎ আইনের ৩৩ ধারায় বিদ্যুৎ চুরি ও সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।








