সাতক্ষীরা থেকে ২ কেজি স্বর্ণের বারসহ আজিজ হাসান নামের এক চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার বাদামতলা এলাকায় একটি ইঞ্জিনভ্যান থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার শফিয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটি টহল দল নিয়ে সাতক্ষীরা ভোমরা সড়কে অবস্থান নেই। ইঞ্জিনভ্যানটি মাহমুদপুর বাদামতলার মাঝামাঝি স্থানে এলে আমরা চ্যালেঞ্জ করি। এসময় ভ্যানচালক লাফিয়ে পালিয়ে যায়। ভ্যানের যাত্রীকে চ্যালেঞ্জ করলে তার কাছে থাকা প্যাকেটে ওই সোনার বার পাওয়া যায়।’
বিজিবির ৩৮ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক ওজনে দুই কেজি ১৬৬ গ্রাম স্বর্ণ পাওয়া গেছে। পরে জুয়েলারি দোকানে নিয়ে এর সঠিক ওজন জানা যাবে। এর দাম এক কোটি ২০ লাখ টাকারও বেশি।
আটক ব্যক্তি সাতক্ষীরা সদরের ভাড়ুখালি গ্রামের গোলাম সরোয়ারের ছেলে।








