সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে সরকার পরিচালনা করলে এর পরিণাম কখনও ভালো হবে না বলে মন্তব্য করেছেন খেলাঘর আসর চট্টগ্রাম মহানগরী শাখার নেতারা। তারা বলেছেন, তারা (সাম্প্রদায়িক শক্তি) সুযোগ পেলেই আঘাত করবে। তাদের সঙ্গে আঁতাত করার মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুঠার মারা।
অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (৯ মার্চ) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ মন্তব্য করেন।
খেলাঘর চট্টগ্রাম মহানগরী শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যাপক জাফর ইকবাল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। তার ওপর হামলা মানে বাংলাদেশ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক শক্তির ওপর হামলা। তার ওপর হামলার ঘটনায় আমরা বিক্ষুব্ধ। এ ঘটনার সঙ্গে জড়িতদের আমরা সর্বোচ্চ শাস্তি চাই। তারা বলেন, জাফর ইকবাল কিংবা ব্লগারদের হত্যা করে অসাম্প্রদায়িক অগ্রযাত্রাকে অবরোধ করা যাবে না।
খেলাঘর মহানগরীর সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘরের সহ-সভাপতি শফিউল আলম, অজিত আইস, বেনু কুমার দে, উদীচী চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি চন্দন ধর, অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, নারী নেত্রী নূর জাহান খান, সংগঠক আলেক্স আলিম, খেলাঘর সদস্য ফয়জুর রব মুন্না, মনোয়ার জাহান মনি।
পরে প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর চেরাগী পাহাড় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।








