দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭টি রুটের মধ্যে বরিশাল-পটুয়াখালী ও বরগুনা জেলার ১১টির রুটের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে ঝালকাঠির ওপর দিয়ে যাওয়া ছয়টি রুটের বাস চলাচলের অচলাবস্থার এখনও অবসান হয়নি।
বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে বিকাল ৫টায় এ তথ্য নিশ্চিত করেন বরিশাল বিভাগীয় বাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহিন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭টি রুটে বাস ধর্মঘট নিয়ে আলোচনা হয়। এতে ১১টি রুটের ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিজেদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি জানিয়ে ঝালকাঠি জেলার ওপর দিয়ে সরাসরি যাওয়া ছয়টি রুটের ধর্মঘট প্রত্যাহারে রাজি হয়নি ঝালকাঠি জেলা বাস ও মিনি বাস মালিক সমিতি।
ঝালকাঠি জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ বলেন, ‘সভায় আমাদের ন্যায্য হিস্যার দাবির বিষয়গুলো নিয়ে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। তাই আমরা আগের মতোই ঝালকাঠির রায়পুর থেকে বাস চালনা করব এবং বরিশাল থেকে কোনও গাড়ি ঝালকাঠিতে প্রবেশ করতে দেবো না।’
বরিশাল-পটুয়াখালী মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহামুদ বলেন, দীর্ঘদিন ধরে ঝালকাঠির সড়ক হয়ে দক্ষিণের ছয়টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে ঝালকাঠি বাস মালিক সমিতি নলছিটির রায়পুরে অস্থায়ী বাস টার্মিনাল করে সেখান থেকে তাদের জেলাসহ পিরোজপুর, বাগেরহাট ও খুলনা জেলায় বাস চালাচ্ছে। তবে বরিশাল মালিক সমিতির গাড়ি ঝালকাঠি হয়ে অন্যান্য রুটে চলাচল করতে দিচ্ছে না।
এ নিয়ে প্রশাসনের সঙ্গে বারবার বৈঠক হলেও এর সমাধান হয়নি। তাই বুধবার সকাল থেকে বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলা বাস মালিক সমিতি ধর্মঘটের ডাক দেয়।
সুলতান মাহামুদ আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় প্রশাসনের হস্তক্ষেপে বৈঠক হয়। এতে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি মালিক-শ্রমিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে অন্যান্য রুটে বাস চালানো শুরু হলেও ঝালকাঠি বাস মালিক সমিতি তাদের দাবিতে অনড় থাকায় ঝালকাঠি অতিক্রমকারী ছয় রুটে বাস চলাচল এখনও শুরু হয়নি। তবে বরিশাল থেকে ওই ছয় রুটে বাস চালাতে ইচ্ছুকদের জন্য প্রয়োজনে পুলিশ প্রটেকশনের ব্যবস্থা করা হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন।
পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার চান্দুখালীতে গাড়ি থেকে চাঁদা আদায়, যাত্রী হয়রানিসহ বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক সমিতির গাড়ি প্রবেশ করতে বাধা দেওয়া হবে না— বরিশাল জেলা প্রশাসনের এমন আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মীর্জাগঞ্জে আন্তঃজেলা পরিবহনগুলো আগের নিয়মে চলাচল করবে। এতে কোনও বাধা দেওয়া যাবে না। আর যারা এখন মীর্জাগঞ্জে নিজেদের বাস মালিক সমিতি হিসেবে দাবি করছে, তারা উপজেলার মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করবে।








