গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে স্থানীয় একটি কোচিং সেন্টারের পরিচালক কাওসারুল ইসলাম টিটুলকে (২৫) আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
শনিবার (১৭ মার্চ) দুপুরে সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের গাছুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কাওছারুল ইসলাম টিটুল খোর্দ্দকোমরপুর বাজারের নিজাম উদ্দিন কিন্ডার গার্টেন ও কোচিং সেন্টারের পরিচালক। তিনি সদর উপজেলার নান্দিনা গ্রামের মুনছুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ছাত্রী পঞ্চম শ্রেণি পর্যন্ত টিটুলের কিন্ডার গার্টেন ও কোচিং সেন্টারের লেখাপড়া করে।এবার সে খোর্দ্দকোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। কোচিং করার সময় থেকে টিটুল তাকে উত্ত্যক্ত করে আসছিল। এছাড়া স্কুলে যাতায়াতের সময় ও মোবাইল ফোনে মেয়েটিকে উত্ত্যক্ত করে টিটুল। শুক্রবার রাতে টিটুল ওই ছাত্রীর মোবাইল ফোনে কল দিলে পরিবারের লোকজন বিষয়টি টের পায়। পরে শনিবার সকালে স্থানীয় লোকজন টিটুলকে আটক করে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখে। পরে পুলিশ এসে টিটুলকে আটক করে থানায় নিয়ে যায়।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্কুলছাত্রীকে উত্ত্যক্তের বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন টিটুলকে আটক করে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টিটুলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ‘অভিযুক্ত টিটুলকে আটক করে থানায় আনা হয়েছে। এছাড়া স্কুলছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় টিটুলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’








